বগুড়ার ধুনট উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধ দোকানঘর অপসারণ করে নেয়ার জন্য ৫৭ ব্যবসায়ীকে নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আপন দুলাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০১১ সালে উপজেলা পরিষদের জায়গা দখল নিয়ে বিনা অনুমতিতে ৫৭টি স্থায়ীভাবে আধা পাকা দোকানঘর নির্মান করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিটি দোকান ঘরের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। অবৈধ দখলদাররা এ সব দোকান ঘর কেউ ভাড়া দিয়েছে, কেউ বা আবার নিজেই ব্যবসা করছেন। কিন্ত দোকান ঘরগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। এ কারণে উপজেলা পরিষদ এ সব ব্যবসায়ীর কাছ থেকে ভাড়া আদায় করছেন না।
এই দোকন ঘরের মালিক জহুরুল ইসলাম জানান, উপজেলা পরিষদের তহবিলে ১০ হাজার টাকা জমা দিয়ে নিজস্ব টাকায় দোকানঘর নির্মাণ করা হয়েছে। কিন্ত পাঁচ বছরে দোকান ঘরের ভাড়া পরিশোধ করা হয়নি। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে দোকানঘর অপসারণ করে নিতে বলা হয়েছে।
দোকান ঘরের মালিক শরিফুল ইসলাম খান বলেন, ‘উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে পরিত্যক্ত জায়গায় মাঠি ভরাট করে দোকানঘর নির্মান করা হয়েছে। দোকানঘর বরাদ্দ নেয়ার পর থেকে ভাড়া দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন অপারগতা প্রকাশ করায় ভাড়া দেয়া হয়নি। অথচ এই দোকানঘর সেচ্ছায় অপসারণ করে নেয়ার জন্য উপজেলা পরিষদ থেকে নোটিশ দেয়া হয়েছে।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বলেন, ‘বিনা অনুমতিতে সরকারি জায়গা দখল নিয়ে দোকানঘর নির্মান করেছে ব্যবসায়ীরা। এ সব ব্যবসায়ীর কাছে দোকানঘর বরাদ্দের কোন বৈধ কাগজ পত্র নেই। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে দোকানঘর স্বেচ্ছায় অপসারণ করে না নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ
