দেশে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। সমপ্রতি চীন সফরকালে স্বাস্থ্যমন্ত্রী সে দেশের সরকার ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা চান। খুব শিগগিরই চীনের একটি প্রতিনিধি দল হাসপাতাল নির্মাণে সমীক্ষা চালাতে বাংলাদেশে আসবে। এক্ষেত্রে দেশি-বিদেশি উদ্যোক্তাদেরও স্বাগত জানাবে সরকার। গতকাল   বুধবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে ‘মহান বিজয়ের মাস ও বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিত্সা নিশ্চিত করতে শিল্পপতি ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত। তাঁরা যদি নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে একটি ল্যাবরেটরি বা একটি ওয়ার্ড নির্মাণ করে দেন অথবা একটি আধুনিক মেশিন ডোনেট করেন তাহলে গরিব মানুষরাই উপকৃত হবেন।

 
মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সব সমস্যার সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের স্বাস্থ্যখাতকে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সবকিছু করা হবে। স্বাস্থ্যখাতের সংস্কারই এখন মূল লক্ষ্য। হাসপাতালকে তীর্থস্থান মনে করে মানুষকে সেবা দিতে চিকিত্সক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিন।
 
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গত বছর থেকে বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা কর্মসূচি পালন করে আসছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। এই মাসে এ পর্যন্ত ৫০০ নারীর স্তন ক্যান্সার পরীক্ষা করা হয়েছে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এএন