রাইতে খুব ঠাণ্ডা লাগে। ঘুমাইতে কষ্টও হয়। আইজার পর থাইক্কা আর সেই কষ্ট হইবো না। আরামে ঘুমাইমু। কম্বল পেয়ে আনন্দঝলমলে মুখে কথাগুলো বলছিলেন পথশিশুদের নিয়ে গড়ে উঠা বিজয়ের পাঠশালার ৭ বছর বয়সী শিক্ষার্থী নাসরিন। একই আনন্দ ৮ বছরের বাবুলের চোখেও। বিজয়েরর পথযাত্রা পাঠশালার নাসরিন বাবুলদের মত প্রায় ২ শতাধিক শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইন মিরপুর-২ এ কমার্স কলেজ রোডে অবস্থিত স্কুলটির শীতার্ত, দুঃস্থ পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
IMG0
শীতবস্ত্র বিতরণের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, সাকিব হাসান সুইম, কাওসার পাঠান বাপ্পী যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, সহ-সম্পাদক খাদিমুল বাশার জয়, মাসুদ পারভেজ তারেক সুমন, পিয়াল হাসান, মাহফুজ ইবনে রহমান দিপু উপস্থিত ছিলেন।
এ সময় জাকির হোসাইন বলেন, ‘প্রকৃতির স্বাভাবিক নিয়মে শীত আসে। শীতে যাতে কোনো মানুষকে কষ্ট করতে না হয় এ জন্য প্রত্যেকের উচিত স্ব স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।’
ইত্তেফাক/ইউবি
