ইত্যাদির প্রতিটি পর্বই বিশেষ ও বৈচিত্র্যময়। তবে এবারের পর্বটা একটু বেশিই বিশেষ! এই পর্বের মাধ্যমে ৩০ বছরে পা রাখবে ম্যাগাজিন অনুষ্ঠানটি। এবারের পর্বটি ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পেছনে সমুদ্র আর দু-পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি।
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। যেহেতু ইত্যাদি এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয় এবং সেই অঞ্চলের শিল্পীদের দিয়েই গান করানো হয়, সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘আমি কথা বলি দেশের মাটির জন্যে, আমার কণ্ঠে গান আসে এই দেশের রূপ লাবণ্যে’ খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের এমন কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
এছাড়াও পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীরা। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও অনিকা। আর কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান পটুয়াখালী ও কুয়াকাটাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা আঞ্চলিক ভাষায় কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে লেখা একটি নাট্যাংশে অভিনয় করেন।
নিয়মিত পর্বসহ এবারো রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। ভেজালের বেড়াজাল, সঙ্গীতের অবস্থা, তথ্য ব্যবসার ব্যাপকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব, তোষামোদে খোশ আমোদে, রান্না-বান্না ও কান্নাসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারো ইত্যাদির শিল্প-নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প-নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। ইত্যাদির ৩০ বছরপূর্তি উপলক্ষে দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘অনেকেই প্রতিটি কাজের সাফল্য গোনেন বিভিন্ন ক্রেস্ট গুনে। কিন্তু আমি মনে করি এই ৩০ বছরে আমরা যে নির্ভরযোগ্যতা অর্জন করেছি, সেই দর্শকদের আস্থাই ইত্যাদির প্রকৃত সাফল্য।’
ইত্যাদির এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন।
