টাকা তৈরির যন্ত্র কিনতে উদগ্রীব হয়েছিল দিল্লির এক পুলিশ কর্মকর্তার ছেলে। বেশ কয়েকজনের কাছ থেকে বিপুল টাকা ধারও করেছিল সে। কিন্তু টাকার বিনিময়ে যারা তাকে সেই যন্ত্র দেবে বলেছিল, শেষপর্যন্ত তারাই আসলে জালিয়াতি চক্রের সদস্য। যন্ত্র দেওয়া তো দূর, তার বদলে ওই যুবকের সঙ্গে জালিয়াতি করে পুরো টাকাটাই আত্মসাৎ করে গা ঢাকা দেয় তারা। ফলে টাকা তৈরির যন্ত্র কিনতে গিয়ে ৪৬ লক্ষ টাকাই খুইয়ে বসে ওই পুলিশ সদস্যের ছেলে। শেষপর্যন্ত অবশ্য তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
প্রথম দিকে ঘটনাটি সামনে আসেনি। কিন্তু গত কয়েকদিন ধরে ওই যুবক নিখোঁজ থাকায় তদন্তে নামে পুলিশ। পরে বৃন্দাবন থেকে তার খোঁজ মেলে। তারপরই সামনে আসে আসল সত্যিটা। ৪৬ লক্ষ টাকা খোয়ানোর পর পাওনাদারদের হাত থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছিল ওই পুলিশ সদস্যের ছেলে।
এরপরই জালিয়াতির ঘটনাটির তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করে বিমল রাজেশ পাটিল এবং সুরজ কুমারকে।
আরো পড়ুন: গৃহবধূকে গাছে বেঁধে বিবস্ত্র করে চুল কাটলো সতীন-শ্বশুর-শাশুড়ি
জানা গেছে, এই দু’জন এমন একটি দলের সদস্য যাদের কাজ হল গোটা দেশজুড়ে এ ধরনের জালিয়াতি করা। সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা আত্মসাৎ করাই এই দলটির কাজ।
‘এমন মেশিন দেব যা থেকে একদম আসল টাকা বেরোবে।’ এই দাবি করে প্রথমে তারা টাকা সংগ্রহ করে। এরপর মেশিন ভেঙে গেছে বা এই ধরনের কোনও অজুহাত দিয়েই পগারপার হয়ে যায়। শেষপর্যন্ত অবশ্য সেই দলের দুই সদস্যই এখন পুলিসের জালে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
ইত্তেফাক/বিএএফ
