আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে শনিবার উদযাপিত হয়েছে ‘দৈনিক ইত্তেফাক’-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টায় দিনাজপুর শহরের নাজমা-রহিম ফাউন্ডেশন প্রাঙ্গণে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এরপর দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবালুর রহিম। বাংলাদেশের মহান স্বাধীনতার সংগ্রামে দৈনিক ইত্তেফাকের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও ইত্তেফাক তার ঐতিহ্য ধরে রেখেছে। স্বাধীনতার পর অনেক সংবাদপত্র প্রকাশিত হলেও দৈনিক ইত্তেফাক তার ঐতিহ্য নিয়ে দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান ধরে রেখেছে। দেশ ও জাতির কল্যাণে দৈনিক ইত্তেফাক তার বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত রেখে আরও যুগ যুগ বছর এগিয়ে যাক-এ প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠান চলাকালীন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনকে মোবাইল ফোনে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক বিশিষ্ট লেখিকা জিনাত রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মমহাসচিব শাহাদত হোসেন শাহ, আরটিভির দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলাল, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা একরাম তালুকদার, দৈনিক ইত্তেফাকের কাহারোল সংবাদদাতা মোঃ আব্দুল্লাহ, ফুলবাড়ী সংবাদদাতা অমরচাঁদ গুপ্ত অপু, বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম, ঘোড়াঘাট সংবাদদাতা জিল্লুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এএসএস
