হবিগঞ্জে ইজিবাইক উল্টে নিহত ১

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:১১
হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে শাহেদ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহেদ আলী শুক্রবার তার শ্বশুরালয় সদর উপজেলার জগতপুরে বেড়াতে যান। শনিবার সকালে পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন ক্রয় করে একটি ইজিবাইকযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ইজিবাইকটি জেলা সদরের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌছলে একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস