সাতকানিয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের ব্রিজ দুর্ভোগে ২০ হাজার মানুষ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ০১:২৯

সাতকানিয়া সদর ইউনিয়ন ও সোনাকানিয়ার  ২০ হাজার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা ডলু খালের বাঁশের ব্রিজ। ওই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিশু ও নারীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে।

 
এছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোট গাড়ি পারাপার হয়।  বিকল্প কোনো পথ নেই যে পথে জনগণ যাতায়াত করতে পারে। এ অবস্থায় যেকোনো সময়ে নড়বড়ে ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের খুটিয়াপাড়ার পূর্বপার্শ্ব দিয়ে বয়ে গেছে ডলু ও টংকাবতী খাল। এ খালের ওপর নির্মিত হয়েছে বাঁশের ব্রিজ। ব্রিজ দেখে মনে হয় এটা যেন মরণ ফাঁদ। কিছু লোক ছোট গাড়ি পার হওয়ার সময়ে ব্রিজের দুই পাশের বাঁশের খুঁটিগুলো কেঁপে ওঠে।
 
তার পরেও খুটিয়াপাড়া, আবদুল আলীম চীেধুরীপাড়া, হযরত ফতেহ আলী (র.) পীর সাহেবের এলাকা, আলুরঘাট, গুনু চৌধুরীপাড়া, খলিবাপাড়া, বড়ঠাকুর পাড়া, মুন্সি মাঝিরপাড়া, শুক্কুর চেয়ারম্যান পাড়ার ২০ হাজার লোকজন প্রতিদিন যাতায়াতের জন্য ব্যবহার করছেন ডলু খালে বাঁশের  ব্রিজটি। এ ব্যাপারে সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজামউদ্দিন বলেন, ডলু খালের উপর বাঁশের ব্রিজটি  ঝুঁকিপূর্ণ। তবে নতুন ব্রিজটি নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/এএন