ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৮:৩৬

হবিগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার নিজের চেম্বার ছেড়ে চলে যান। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় বিক্ষুব্ধ জনতা ডাক্তারের চেম্বার ঘেরাও করে। খবর পেয়ে পৌর মেয়র জি কে গউছ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। মৃত শিশু বুশরা আক্তার (৪ মাস) বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার জমির আলীর মেয়ে।

মৃত শিশুর স্বজনরা জানান, বুশরার হার্টে সমস্যা ছিল। তাকে শুক্রবার শহরের শায়েস্তানগর এলাকার নজির সুপার মার্কেটে ডা. মিনহাজ আরেফিনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক হাজার টাকা ভিজিট রেখে তিনি ব্যবস্থাপত্র দেন। সে অনুযায়ী তাকে ওষুধ সেবন করানো হয়। ওষুধ সেবন করানোর পরপরই তার অবস্থার চরম অবনতি হয়। দ্রুত তাকে ফের ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগীর স্বজনদের দেখেই তিনি ধমক দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর পেয়েই তার স্বজনসহ বিক্ষুব্ধ জনতা নজির সুপার মার্কেটে গিয়ে ডা. মিনহাজ আরেফিনের চেম্বার ঘেরাও করেন। এসময় সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌরসভার মেয়র জি কে গউছ ও সাবেক ছাত্র নেতা ডা. ইসতিয়াক রাজ চৌধুরী। তারা উত্তেজিত জনতাকে শান্ত করেন।

মৃত শিশুর বাবা জমির আলী জানান, তিনি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন। 

ইত্তেফাক/জেডএইচ