কুষ্টিয়ায় পুলিশের নির্যাতনে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২৩:০৭

কুষ্টিয়ায় পুলিশের নির্যাতনে আবুল কাশেম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবুল কাশেম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের বাসিন্দা। নির্যাতনে গুরুতর অসুস্থ আবুল কাশেম গতকাল রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 
নিহতের মেয়ে রিনা খাতুন জানান, জমি নিয়ে আামজেদ হোসেন নামে এক প্রতিবেশীর সঙ্গে তার পিতার বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে রবিবার সকালে প্রথম দফায় পুলিশ তাদের বাড়িতে আসে। তার পিতাকে বাড়িতে না পেয়ে পুলিশ বাড়ির মহিলাসহ অন্যদের ওপর চড়াও হয়। পরবর্তীতে  বিকালে দ্বিতীয় দফায় পুলিশ তাদের বাড়িতে আসে এবং বাড়ি থেকে তার পিতা আবুল কাশেমকে আটক করে রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে। পরে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যায়। পুলিশের নির্যাতনে গুরুতর আহত আবুল কাশেম হাসপাতালে মারা যান বলে নিহতের মেয়ে রিনা অভিযোগ করেন।
 
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্র জানায়, বিকাল পাঁচটা ১০ মিনিটে কুষ্টিয়া মডেল থানার কয়েকজন পুলিশ গুরুতর অসুস্থ্য অবস্থায় আবুল কাশেমকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহম্মেদ তাকে ভর্তি করে চিকিৎসা দেন। চিকিৎসার এক পর্যায়ে তিনি মারা যান।
 
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে কবুরহাট এলাকায় একটি সরকারি জমির বন্দোবস্ত নিয়ে প্রতিবেশেী আমজেদ হোসেনের সঙ্গে আবুল কাশেমের বিরোধ চলছিল।
 
কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) ওবাইদুর রহমান পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, বয়োবৃদ্ধ আবুল কাশেম অসুস্থ বোধ করলে তাকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগের সত্যতা নেই বলেও তিনি দাবী করেন।
 
ইত্তেফাক/এএন