দুধ কি হাড়ের ভঙ্গুরতা রোধে সহায়ক?

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:০৯
 
শুধু শিশুরা নয়, অনেক তরুণ ও বয়স্ক লোকেরাও নিয়মিত দুধ পান করেন। আর বিভিন্ন দুগ্ধ উত্পাদনকারী কোম্পানিসমূহের দাবি হচ্ছে নিয়মিত দুধ পানি হাড় শক্ত, মজবুত হয়, হাড়ের ভঙ্গুরতা রোধ হয়। কিন্তু দুধ নিয়ে গবেষণায় বিশেষজ্ঞগণ বলছেন ভিন্ন কথা।
 
বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে, দুধ পানে স্বাস্থ্য রক্ষায় উপকারী বলে যে ধারণা করা হতো তা প্রকৃত পক্ষে যথার্থ নয়। কিন্তু সম্প্রতি সুইডেনে পরিচালিত এক গবেষণা জরিপে উল্লেখ করা হয়েছে, দুধ হাড়ের ভঙ্গুরতা রোধ করতে তো পারেই না, বরং দুধপানকারীদের স্বাভাবিকের চেয়ে হাড়ের ফ্রাকচার বেশি হয়। গবেষকগণ ৩৯ বছরের ঊর্ধ্বের ৬৫ হাজার মহিলা ও ৬৫ হাজার পুরুষের ওপর একটানা ২০ বছর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছেন।
 
গবেষকগণ বলছেন, মহিলাগণ অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুরতা রোধে দুধ ও দুগ্ধজাত দ্রব্য আহার করে থাকেন। তবে ডেকিন বিশ্ববিদ্যালয়ের এক্সারসাইজ এন্ড এজিং সেন্টারের গবেষক অধ্যাপক রবিন ডালে কিছুটা ভিন্নমত পোষণ করে উল্লেখ করেছেন, গবেষণার এসব তথ্য কিভাবে উপস্থাপিত হয়েছে তা বিবেচনায় আনতে হবে।
 
এদিকে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়ও বলা হয়েছে দুধ পানে হাড়ের ভঙ্গুরতা রোধ পায় না। তবে অধ্যাপক ডালে মনে করেন এ ধরনের গবেষণার যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং গবেষকগণ কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছেন না দুধ পানের উপকারিতা ও ক্ষতিকর দিক নিয়ে।

 

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ