দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গত ২০১৫-১৬ অর্থবছরে ৯৭০ কোটি ২ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। এ বছর তিতাস ১৬ হাজার ৫৮৩ দশমিক ৩৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে।
সোমবার রাজধানীতে অফিসার্স ক্লাবে তিতাস গ্যাস কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী বার্ষিক সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানিটি মুনাফা অর্জন এবং আগের বছরের চেয়ে বেশি আয় করলেও গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানি ১৬ হাজার ৫৮৩ দশমিক ৩৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ১১ হাজার ৩১৭ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় করে। এটি গত অর্থবছরের চেয়ে ৩৮ দশমিক ৬৮শতাংশ বেশী । এই অর্থবছরে কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৯৭০.০২ ও ৭২৯.৩৯ কোটি টাকা । মুনাফার বিপরীতে কোম্পানির প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২০শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদিত হয় । রাষ্ট্রীয় কোষাগারে ৪৮৩ কোটি ৬০লাখ টাকা জমা করেছে ।
ইত্তেফাক/এমআই
