উখিয়ায় ভরাট হচ্ছে ড্রেন

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:১৮

উখিয়া (কক্সবাজার): ভরাট হয়ে যাচ্ছে উখিয়া সদরের পানি নিষ্কাশনের ড্রেনটি। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। উখিয়ার ঘিলাতলী পাড়া-ছয়তারা রাইস মিল-চুমকি হোটেলের সামনে দিয়ে একরাম মার্কেট-ভূমি অফিস হয়ে উখিয়া দারোগা বাজারের পাশ দিয়ে ড্রেনটি এএসপি সার্কেল অফিসের সামনে গিয়ে শেষ হয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলসহ প্রবাহিত পানি নিষ্কাশনের জন্য ড্রেনটি পর্যাপ্ত প্রশস্ত না হওয়ায় ঘিলাতলী পাড়ায় বাজার সড়ক ও ঘরবাড়ি-দোকানপাট প্লাবিত হয়ে পড়ে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। ঘিলাতলী পাড়ার বাসিন্দা জালাল উদ্দিন জানান, ড্রেনের উপরে বহুতল ভবনসহ একাধিক দোকানপাট, বসতবাড়ি ও বিভিন্ন প্রকার পাকা স্থাপনা গড়ে তোলার কারণে পানির স্রোত পাড়া মহল্লায় ঢুকে পড়ে। তখন প্লাবিত হয়ে পড়ে উখিয়া সদর এলাকা। ২০১৭ সালের উপজেলা পরিষদ এলজিইডির মাধ্যমে ড্রেনটি পাকা করা হলেও প্রশস্ততা কম হওয়ায় তা খুব একটা কাজে আসেনি। বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, বর্তমানে এ ড্রেনের উপর বিভিন্ন নির্মাণসামগ্রী ও বাজারের যাবতীয় বর্জ্য ফেলার কারণে তা ভরাট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজারের ড্রেনের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ড্রেন সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে      —ইত্তেফাক