ফকিরহাটে কংগ্রেস মোড়ে নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক ও লাইব্রেরি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০১:১১

ফকিরহাটে পিলজংগ ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ঐতিহাসিক কংগ্রেসের মোড় এলাকায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক ও লাইব্রেরি। প্রায় দুই একর জমির উপর শিশুপার্ক নির্মাণে কাজ করছে ইউনিয়ন পরিষদ।

 
পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ পার্ক ও লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। পিলজংগ মাধ্যমিক স্কুলের প্রদত্ত জমিতে তিন মাস আগে ভূমি উন্নয়নের কাজ শুরু হয়। প্রথম ধাপে ১৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনি, একটি পুকুর খনন ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজ চলছে। এরপর স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি প্রদর্শনীর জন্য স্থাপন করা হবে। ফুটিয়ে তোলা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীও রাখা হবে। আগামী মাসের প্রথম দিকে এটি উদ্বোধনের জন্য দ্রুত নির্মাণ কাজ চলছে।
 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শরিফুল কামাল কারিম বলেন, এ উপজেলায় শিশুদের তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা প্রয়োজন। পিলজংগে নির্মাণাধীন শেখ রাসেল শিশুপার্ক ও লাইব্রেরিটি পরিপূর্ণতা পেলে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে স্থানীয় শিশুরা।

ইত্তেফাক/এএন