রাজধানীতে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:১৩
 
রাজধানীর উত্তরখানে এক ব্যাক্তি শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আওয়াল সুমন (৩৮)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর উত্তরখান পূর্বপাড়া রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বেলা ১১টায় ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তাকে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
জানা গেছে, সুমনের বাড়ি কুমিল্লার মুরাদ নগর উপজেলা জাদ্দা গ্রামে। তার বাবার নাম আবদুল জব্বার। বর্তমানে উত্তরখান মাদার বাড়ি মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি বেকারিতে ভ্যানচালক হিসেবে কাজ করতেন। গত সোমবার রাত আটটার সময় তাগাদার জন্য বাসা থেকে বেরিয়ে যান। এরপর রাতে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান। সুমনের শ্যালক জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা মৃত্যুর খবর জানতে পারেন। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে কোন ধারনা করতে পারেনি তারা।
 
উত্তরখান থানা এসআই তারিকুল ইসলাম জানান, গত সামবার দিবাগত রাতে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রাখে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে।
 

ইত্তেফাক/এএম।