প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাব চলবে দুপুর ২টা পর্যন্ত।
প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হচ্ছে।
জানা গেছে, ৬৩ হাজারেরও বেশি ভোটারের এ নির্বাচনে জেলা ও উপজেলায় ওয়ার্ড ভিত্তিক ৯১৫টি কেন্দ্র রয়েছে।
তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৪৬ জন। এর মধ্যে ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থীরা। বাকি ৩৯ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১২৪ জন।
এদিকে, বিএনপি ও জাতীয় পার্টি অংশ না নেয়ায় এই নির্বাচনে মূলত লড়াই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মধ্যেই।
নির্বাচনে জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এ হিসেবে স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৬৩ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬৩ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।
ইত্তেফাক/কেকে
