খুলনায় গোলাগুলিতে নিহত এক

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:২৮

খুলনায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে আসাদুজ্জামান মিটুল ওরফে কিল্লু (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গত বুধবার রাতে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের খেজুরতলা গেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, বন্দুকের ১ রাউন্ড তাজা গুলি ও ব্যবহূত ২ রাউন্ড কার্তুজসহ কিছু আলামত উদ্ধার করেছে। পুলিশের দাবি মাদক কারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে মিটুল।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির দাবি জানান, গত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গঙ্গারামপুর গ্রামের খেজুরতলা গেট এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ সেখানে গেলে ৪-৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আসাদুজ্জামান মিটুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিটুল নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া গ্রামের হাসান শেখের ছেলে। সে খুলনা মহানগরীর দোলখোলা এলাকার গৃহবধূ শিপ্রা হত্যা মামলার আসামি।

এ ছাড়াও তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭-৮টি মামলা রয়েছে বলেও জানান ওসি।