ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় খাস জমিতে সরকারি নির্দেশ ও নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা গড়ে ওঠায় পরিবেশের চরম বিপর্যয় ঘটেছে। আর ইটভাটায় কাঠ পোড়ানোর ফলে এলাকাটি কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। ওই মা-বাবা ইটভাটার মালিক লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার ও তার ভাই বাবর খন্দকার সরকারি নিয়মনীতি উপেক্ষা করে টিনের চিমনি দিয়ে অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বদর লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ২০১০ সাল থেকে ভাটার কার্যক্রম শুরু করে। চলতি বছর চেয়ারম্যানের পরাজয়ের পর স্থানীয় জনসাধারণ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ১১ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মহাপরিচালককে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিনের চিমনিটি ফেলে জরিমানা করা হয়।
এদিকে এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জেলা প্রশাসক নড়াইলের সঙ্গে কথা বলতে বলেন। পরে নড়াইল জেলা প্রশাসককে ফোন দিলে তিনি ইন্টারভিউ বোর্ডে আছেন বলে জানান। তবে ভাটার স্বত্বাধিকারী বদর বলেন, সকল নিয়মনীতির মধ্য থেকেই ভাটা করা হচ্ছে।
ইত্তেফাক/এএন
