নোয়াখালীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী, চার কেন্দ্র স্থগিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:১৬
নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ১৫টি কেন্দ্রের মধ্যে একটিতে সম্পূর্ণ এবং তিনটিতে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত ছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. এবিএম জাফর উল্যাহ্ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার বিকালে নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বেসরকারিভাবে তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। তিনি ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ডা. একেএম জাফর উল্যাহ্ ২৪২ ভোট পেয়েছেন।
 
নির্বাচনে ১১টি কেন্দ্রে ১১ জন এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে মাসুদুর রহমান, ৩নং ওয়ার্ডে মোশারেফ হোসেন, ৫নং ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আক্তার হোসাইন, ৮নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম, ১০নং ওয়ার্ডে আলা বক্স টিটু, ১১নং ওয়ার্ডে আকরাম উদ্দিন, ১২নং ওয়ার্ডে মো. মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ১৩নং ওয়ার্ডে এটিএম মহিব উল্যাহ্ (পিপি), ১৪নং ওয়ার্ডে মো. জিয়া উদ্দিন আহমেদ ও ১৫নং ওয়ার্ডে মো. আবুল বাশার। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ১নং ওয়ার্ডে নারগিছ আক্তার, ২নং ওয়ার্ডে রিজিয়া বেগম মুকুল, ৩নং ওয়ার্ডে আজমলা আক্তার, ৪নং ওয়ার্ডে জিন্নাত রেহানা ও ৫নং ওয়ার্ডে মেহরুন নেছা কোকিল।
 
এদিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে ৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে কানকির হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণ স্থগিত এবং বেগমগঞ্জের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জেলা শহর মাইজদীর হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও সোনাইমুড়ির জয়াগ মোহাবিদ্যালয় কেন্দ্রে শুধু সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ