জেএসসিতে দেশসেরা রাজশাহী শিক্ষাবোর্ড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:০২
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আবারো দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। 
 
এবার জেএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বেড়েছে। রাজশাহী বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। গত বছর যা ছিল ৯৭ দশমিক ৩৫ শতাংশ। এ বছর পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাও বেড়েছে। এবার  বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ পরীক্ষার্থী। 
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার এই ফলাফল ঘোষণা করেন। 
 
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার জানান, এবছর রাজশাহী বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ২ লাখ ২১ হাজার ৬১৭ জন। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার ২১ হাজার ৮৭৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ছাত্র পেয়েছে ১৮ হাজার ৫৯৫ জন।
 
ইত্তেফাক/ইউবি