দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কংগ্রেসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ফার্ক গেরিলাদের সঙ্গে “শান্তি প্রতিষ্ঠায় একত্রীকরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কংগ্রেসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ফার্ক গেরিলাদের সঙ্গে “শান্তি প্রতিষ্ঠায় একত্রীকরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ” বলে অভিহিত করেছেন
পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে বামপন্থি ফার্ক গেরিলাদের লঘু অপরাধ ক্ষমা করে দেওয়া সংক্রান্ত একটি আইন দেশটির কংগ্রেস অনুমোদন করেছে। বিবিসি বলেছে, দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কংগ্রেসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ফার্ক গেরিলাদের সঙ্গে “শান্তি প্রতিষ্ঠায় একত্রীকরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। এর আগে ফার্ক গেরিলাদের সঙ্গে করা ‘শান্তিচুক্তি’ চলতি বছরের ২ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে প্রত্যাখ্যান করে দেশটির জনগণ। এই সাধারণ ক্ষমা ওই চুক্তির সংশোধিত অংশ।
কংগ্রেসে পাস হওয়া আইন অনুযায়ী ফার্কের কিছু কনিষ্ঠ সদস্য ও সৈন্যকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে উভয়ের ক্ষেত্রে লঘু অপরাধেই এটি প্রযোজ্য হবে। লঘু অপরাধের অভিযোগ রয়েছে এমন হাজার হাজার ফার্ক গেরিলা এই আইনের আওতায় ক্ষমা পাবেন। দেশটির নিম্নকক্ষ এবং সিনেটের সিংহভাগ সদস্য সাধারণ ক্ষমার এই আইন বুধবার সমর্থন করেন। সংশোধিত এই শান্তিচুক্তির জন্য আর গণভোটের আয়োজন করা হবে না। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে উদ্যোগ গ্রহণ করার স্বীকৃতি হিসেবে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট সান্তোস।
এর আগে, চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থী সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে সই করেছিলেন। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে জনগণের ‘সম্মতি’র দরকার ছিল; সে জন্যই গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটের ফল ঘোষণার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস জনরায় মেনে নিলেও শান্তির জন্য চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকারের কথা বলেছিলেন।
গেরিলা এ দলটি এর আগে ৫২ বছরের যুদ্ধ থামিয়ে অস্ত্র সমর্পণ ও ছয় মাসের মধ্যে প্রকাশ্য রাজনৈতিক দল গঠনের ইচ্ছা প্রকাশ করেছিল। ২০১০ সালের নির্বাচনে জয়ী হওয়ার আগে সান্তোস যুদ্ধ বন্ধে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন; যে যুদ্ধে দেশটির অন্ততপক্ষে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
