জমি নিয়ে বিরোধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে রহিমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা আক্তার পানগাঁও গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এদিকে খুনের খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পানগাঁও গ্রামের নজরুল, কাঞ্চন ও তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লিটন মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লিটন মিয়া, তার স্ত্রী রহিমা আক্তার, ছেলে আসাদ ও অপরপক্ষের নজরুল, কাঞ্চন, ছফুরা আক্তার ও রতনসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রহিমা আক্তারকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
