পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ জঙ্গিদের আস্তানা হতে পারে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত জঙ্গিবাদ সংক্রান্ত এক বিশেষ সভায় সভাপতির বক্তৃতায় এ তিনি কথা বলেন। সভায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনাকারী পুলিশ সদর দফতরের এলআইসি, কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, র্যাব, ডিএমপির উত্তরা ও লালবাগ ডিভিশন, গাজীপুর ও বগুড়া জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়।
যারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে তাদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নচেত্ আপনাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি জঙ্গি দমনে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য দেশের জনগণ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান সাম্প্রতিক সময়ে রাজধানীর আজিমপুর, গাজীপুর জেলার জয়দেবপুর, পুরাতন জেএমবি এবং রাজধানীর দক্ষিণখানে জঙ্গি অপারেশনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির ডিআইজি মনিরুল ইসলাম, সিটিটিসির অতিরিক্ত ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স এবং সিটিটিসি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
