জাতীয় প্রেসক্লাবের নির্বাচন শনিবার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮
শনিবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। দ্বিবার্ষিক এ নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। 
 
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন। নির্বাচন চলাকালীন সময়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে। ভোট কেন্দ্রে মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এদিকে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ২১তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ সভা বিকেলে শেষ হয়। সভায় জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি তাদের প্রতিবেদন পেশ করেন। 
 
সভায় জানানো হয়, বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ৩২৬ জন। এর মধ্যে এক হাজার ২৫৪ জন স্থায়ী ও ৭২ জন সহযোগী সদস্য। দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির নেতা দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আজিজুল ইসলাম ভুইয়া, আমিরুল ইসলাম কাগজি, আশরাফ আলী, শামসুল হক দুররানি, হাসান আরেফিন ও শামসুদ্দিন আহমেদ চারু প্রমুখ। 
 
 
ইত্তেফাক/এমআই