গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে শুক্রবার সন্ধ্যায় নৌকা ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার তারাগঞ্জে তাজউদ্দিন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ পক্ষকালব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে যোগদানের জন্য একটি নৌকায় নারী শিশুসহ ২০/২১ জন যাত্রী পারাতলা থেকে তারাগঞ্জ বাজার আসছিল। এ সময় মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ৫-৬ জন নিখোঁজ হয়। স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করেছে।
কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান বলেন, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
