চট্টগ্রামে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩৭

নগরীর বিভিন্ন স্থান থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার নগরীর ষোলশহর ২ নম্বর গেট, আমবাগান ও কাজীরদেউরী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিএমপির জনসংযোগ বিভাগ। গ্রেফতার তিনজন হলেন- মো. নেজাম উদ্দিন, রমজান হোসেন রুবেল প্রকাশ দাইত্যা রুবেল ও মো. শওকত আলম। এদের মধ্যে নেজাম উদ্দিনকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে, রমজান হোসেন রুবেলকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলিসহ কাজীরদেউরী সার্কিট হাউজের সামনে থেকে এবং শওকত আলমকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ আমবাগান ক্যান্টিন গেট থেকে গ্রেফতার করা হয়।