ফরিদপুরের সালথায় জমিতে সেচ দেওয়া নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের নারানদিয়া ও তেলী-সালথা গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে নারানদিয়া গ্রামের রওশন শেখ তার জমিতে সেচ দিলে পার্শ্ববর্তী তেলী-সালথা গ্রামের আদুর রব শেখের জমির মধ্যে কিছু পানি গড়িয়ে পড়ে। এ নিয়ে পাশাপাশি দুই জমির মালিক রওশন ও রবের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরের দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি পাওয়ার ট্রিলার মেশিন ভাংচুর করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েক জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
