আবারও কলকাতার নায়ক রাসেল

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৪৪

আগের ম্যাচে অবিশ্বাস্য এক ইনিংস খেলে হারিয়েছিলেন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদকে। বুধবারও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আলোটা নিজের ওপর নিয়ে নিলেন। এবার অবশ্য শুধু ব্যাটে নয়, অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে টানা দ্বিতীয় ম্যাচ জেতালেন রাসেল। পাঞ্জাবকে ২৮ রানে হারালো কলকাতা।

আগে ব্যাট করে ৪ উইকেটে ২১৮ রানের বিশাল স্কোর করে কলকাতা। যদিও শুরুটা খুব ভালো হয়নি তাদের। ক্রিস লিন ১০ বলে ১০ রান করে ফিরে আসেন। অন্য প্রান্তে কেবলই ঝড় শুরু করা সুনীল নারিন ৯ বলে ২৪ রান করে ফেরেন। ৩৬ রানে ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর কলকাতার ইনিংসটা বড় করেন রবিন উথাপ্পা ও নীতিশ রানা। উথাপ্পা ৫০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। অন্য দিকে রানা আবারও ঝড়ো ইনিংস খেলেন। তিনি ৩৪ বলে ৬৩ রান করে ফেরেন। আর এরপরই শুরু হয় রাসেলের ঝড়।

উইকেটে এসেই আক্রমণ শুরু করেন ক্যারিবিয় এই তারকা। মাত্র ১৭ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৮ রান করে ইনিংসের ২ বল বাকি থাকতে ফিরে আসেন রাসেল। তার ইনিংসে ভর করেই দুইশ পার করা ইনিংস গড়ে কলকাতা।

এরপর বোলার রাসেলও জ্বলে ওঠেন। পাঞ্জাব দ্বিতীয় ওভারেই লোকেশ রাহুলের উইকেট হারায়। এরপর মানায়ক আগারওয়ালের সাথে জুটি করে রানটা তাড়া করার ইঙ্গিত দিচ্ছিলেন ক্রিস গেইল। কিন্তু ১৩ বলে ২০ রান করা গেইলকে ফিরিয়ে দেন রাসেল। এরপরই ১৩ বলে ১৩ রান করা সরফরাজ খানকেও নিজের শিকারে পরিণত করেন রাসেল। এই তিন উইকেট পড়ার পরও পাঞ্জাব লড়াই চালিয়েছে।

আগারওয়াল ৩৪ বলে ৫৮ রান করে ফিরেছেন। আর ডেভিড মিলার ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন। মিলারের সাথে মানদিপ সিং ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। কিন্তু মিলার ও মানদিপ তখন একেবারে আকাশে চড়ে যাওয়া রানরেটের সাথে ছুটে আর পেরে ওঠেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।