মির্জাপুরে স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১২:৩৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিনেই সরকারের দেয়া বিনামূল্যের বই পেয়েছে প্রায় ৮০ হাজার ছাত্র-ছাত্রী। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় বই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন।
 
সকালে সদরের পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়, বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, জামুর্কী উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ ও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বই বিতরণ উৎসবে অন্যান্যদের মধ্যে মির্জাপুর পৌর সভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা জানান, এ বছর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রায় ৩৪ হাজার ছাত্র-ছাত্রী বিনামূল্যে সরকারি বই পেয়েছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান জানান, এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের প্রায় ৪৬ হাজার শিশু-কিশোর বিনামুল্যে সরকারি বই পেয়েছে। বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে শিশু-কিশোররা আনন্দ আর উচ্ছ্বাসের কথা জানিয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ