এমপি হত্যার বিচার চাইলেন শিশু সৌরভের বাবা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২১:৫৪
 
গত ২০১৫ সালের ২ অক্টোবর এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে বামনডাঙ্গার গোপালচরণ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদত হোসেন সৌরভ গুরুতর আহত হয়। 
 
পরে সে ঘটনায় শিশুটির বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সে মামলায় এমপি লিটন জামিনে ছিলেন। 
 
রবিবার বিকালে শিশু সৌরভের বাড়িতে গিয়ে তার বাবা সাজু মিয়ার সঙ্গে কথা হলে তিনি এমপি হত্যার বিচার দাবি করেন।
 
সাজু মিয়া বলেন, কিছুদিন আগে এমপি লিটনের সঙ্গে তাদের মৌখিক সমঝোতা হয়েছিল। এমপির কাছে তারা চার লাখ টাকা দাবি করেছিলেন। কিন্তু এমপি তিন লাখ টাকা দিতে রাজী হয়ে সৌরভের পরবর্তী ভরন পোষণ ও অন্যান্য বিষয়ে সহযোগিত করবেন মর্মে কথা দিয়েছিলেন। আগামী ৫ জানুয়ারি মামলার তারিখ ধার্য আছে। সেদিন আদালতে এফিডেভিটের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত সমঝোতার করার কথা ছিল। কিন্তু তার আগেই সব হয়ে গেল।
 
ফেরি করে হাড়ি পাতিল বিক্রি করা সাজু মিয়া বলেন,  আমরা ঘটনার বিচার চেয়েছিলাম কিন্তু তাই বলে এমপিকে এভাবে হত্যা করা হবে এটা চাইনি। যারা এমপিকে এভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
 
ইত্তেফাক/ইউবি