নিউজিল্যান্ডে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হুরমহিষা গ্রামের ডা. মোজাম্মেল হোসেন সেলিম মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়ির প্রাঙ্গণের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
গত ২২ মার্চ মরদেহ আনতে নিউজিল্যান্ডে যান তার মেঝ ভাই শাহাদাত হোসেন মিয়াজী। বুধবার রাত ১১টায় দেশে এসে পৌঁছায় মোজাম্মেলের মরদেহ। পরে তার মরদেহ নিয়ে আসা হয় তার নিজ গ্রাম হুরমহিষায়। মরদেহ পৌঁছার খবর পেয়ে একনজর দেখার জন্য মোজাম্মেলের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ আশেপাশের গ্রামের লোকজন। কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা, ভাই-বোন। জানাজায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মোজাম্মেলের ভাই শাহাদাত হোসেন বলেন, সরকার যদি সহযোগিতা না করতো তাহলে লাশ দেশে আনতে পারতাম না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
