রাজস্ব আদায়ে এনবিআরকে চাপ দেওয়া হবে না -----------------অর্থমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৫৯

আগামী অর্থবছরের (২০১৯-২০) বাজেটে রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কোনো ধরনের চাপ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রত্যেক বিভাগকে স্বপ্রণোদিত হয়ে নিজ উদ্যোগে আয় করতে হবে। সবাইকে যার যার সক্ষমতা অনুযায়ী বাজেট বাস্তবায়ন করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, সচিবদের কাছ থেকে যেসব প্রস্তাব পাওয়া গেছে, তা বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই বাজেট তৈরি করা হবে। কারো ওপর বাজেট চাপিয়ে দেওয়া হবে না। দেশের সকল মানুষকে সম্পৃক্ত করা হবে। অর্থমন্ত্রী বলেন, হাওর অঞ্চলসহ পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে। আগামী বাজেটে উন্নয়ন প্রকল্পকে দুই ভাগে ভাগ করা হবে। জেলা বাজেটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যেখানে আয় হবে সেখানে ব্যয়ও থাকবে। জেলায় যদি বাজেট দেওয়া হয় সেখান থেকে আয়ও আসতে হবে।

অর্থনীতির বিভিন্ন খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সেবা খাতে আমরা বেশ পিছিয়ে আছি। তা ছাড়া, আবাসন খাত প্রায় স্থবির অবস্থায় পড়ে আছে। এর কারণ কী, তা খুঁজে বের করে সমাধান করতে হবে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ যাতে দেশে বাড়ে, সে বিষয়ে কাজ করতে হবে। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনতে হবে।