৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, পরীক্ষাটি বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হবে। ২০০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টাব্যাপী চলবে।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। পরীক্ষার হল এবং আসনবিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরে জানানো হবে। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য আগামী ৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের সকল পরীক্ষা কেন্দ্রগুলোতে এ পরীক্ষা একযোগে শুরু করা হবে। পূর্বের ন্যায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে কমিশন সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে। কেন্দ্রের কক্ষের মধ্যে প্রতি বেঞ্চে সর্বোচ্চ ২ জন প্রার্থী এবং প্রতি প্রার্থীর মধ্যে তিন ফুট দূরত্ব রাখতে হবে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক ৪ লাখের অধিক প্রার্থীর আবেদন জমা হয়। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
