জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০১:৩৭

জামালপুরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা এলাকার বালু গুণগতমানের দিক থেকে উন্নত। তাই দেশজুড়ে রয়েছে এ বালুর ব্যাপক চাহিদা। আর এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু উত্তোলনকারী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ফায়দা লুটছে।

 
জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট থেকে শুরু করে পিয়ারপুর পর্যন্ত এবং দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহসহ বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে ব্রক্ষ্মপুত্র নদের জামালপুর সদর উপজেলার ফেরিঘাট, নাওভাঙ্গার চর, ছনকান্দা, চরযথার্থপুর, নান্দিনা, নুরুন্দি, পিয়ারপুর পর্যন্ত প্রায় ২৫ কি.মি এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এছাড়া ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। বন্ধ নেই যমুনা নদীর বালু উত্তোলনও। যমুনার সরিষাবাড়ি, তারাকান্দি, মাদারগঞ্জ, ইসলামপুরের উলিয়া ও গুঠাইল বাজারসহ জেলার প্রায় ৫৫টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে হুমকিতে পড়ছে নদী রক্ষা বাঁধ, ব্রহ্মপুত্র ব্রিজ, কালভার্টসহ বিস্তীর্ণ ফসলি জমি। অপরদিকে সরকার হারাচ্ছে বছরে কোটি টাকার রাজস্ব। সচেতন মহল অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে সরকারি রাজস্ব বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।
 
জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, এ পর্যন্ত বেশ কয়েকটি বালু উত্তোলনের মেশিন জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএন