নাসিরনগরে হামলা ও ভাঙচুর: আখিকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৬:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আখিঁকে আদালতে হাজির করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিন আহাম্মেদের বিচারিক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আজ বন্ধের দিন থাকায় পরবর্তী কার্যদিবসে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় আটটি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
কোর্ট ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, নাসিরনগরের হামলার ঘটনার পেছনে গ্রেফতারকৃত আতিকুর রহমান আখির প্রেরণা ও অর্থের যোগান ছিল। পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে।

ইত্তেফাক/এএম।