অসুস্থ ও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধনী বক্তব্যে জাহিদ মালেক বলেন, ছাত্রলীগের ইতিহাস রক্ত দিয়ে দেশ কেনার ইতিহাস। ছাত্রলীগ মানবতার লক্ষে মানব কল্যাণের জন্য বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল। সেই ধারা ছাত্রলীগকেই ধরে রাখতে হবে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, নানা সংগ্রাম আর ত্যাগের ইতিহাস রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের। আমাদের চেষ্টা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপান্তর করবে। যারা স্বেচ্ছায় রক্তদানের জন্য নাম নিবন্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রক্তদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী এনায়েত, ডা. তোফাজ্জেল হক চয়ন, আরিফুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
ইত্তেফাক/এএম।
