ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় খেয়া পারাপারের ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের নৌকাটি শহরের পৌরসভা খেয়াঘাট যাচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘স্টিমার মধুমতি’র ধাক্কায় মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালকসহ ট্রলারের ৮ যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়। তবে ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫) নামের তিন যাত্রীর খোঁজ এখনও পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে শুক্রবার সকাল সাড়ে ১১টায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তত্পরতা শুরু করে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিখোঁজ রাজ্জাকের ছোট ভাই শহীদ মল্লিক বলেন, রাজ্জাক ঝালকাঠি শহরে নির্মাণ শ্রমিকের কাজ করেন। সকালে কাজে যাওয়া জন্য সে ইঞ্জিন চালিত নৌকায় ওঠে। নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম বলেন, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম।
