বিজেপি ৫ বছরে শুধু মন্দির নিয়ে রাজনীতি করেছে:মমতা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০০:৫৯

বিজেপি ৫ বছরে একটাও মন্দির তৈরি করেনি। কেবল মন্দির করা নিয়ে রাজনীতি করছে। আমরা দক্ষিণেশ্বর মন্দির নতুন করে সাজিয়েছি। তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে শুরু করে সমস্ত তীর্থক্ষেত্রের সংস্কার করেছি। গতকাল বৃহস্পতিবার কলকাতার গিতাঞ্জলী স্টেডিয়ামে হোলি মিলন উত্সবে এ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি আরো অভিযোগ করেন, বিজেপি রাজনীতির রং দিয়ে ধর্মে ধর্মে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। রাম-নাম নিয়ে রাজনীতি চলছে। বাংলায় অশান্তি করে দাঙ্গার পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। মমতা বলেন, দেশের পরম্পরা নষ্ট করছেন মোদি। দাঙ্গা লাগাচ্ছেন। আমরা দেশকে টুকরো হতে দেব না। তাঁর কথায় আগুন লাগাতে কেউ কেউ ধর্মের নামে মিথ্যে কথা বলছেন। বিজেপির অশান্তির চেষ্টা রুখে দেবে পশ্চিমবঙ্গবাসী। কারণ, ধর্মসমন্বয় আর সহিষ্ণুতা বাংলার ঐতিহ্য। এখানে সব ধর্মের উত্সব সমান গুরুত্বের সঙ্গে পালন করা হয়। আমরা ভেদাভেদ করি না। সবার উত্সবে অংশ নিই।