উখিয়ায় রোহিঙ্গাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:০৬

উখিয়ার চাকবৈঠা সড়কের ডিগলিয়া ব্রিজের ওপর ডাকাতির ঘটনায় রোহিঙ্গাসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ডাকাতির পর উখিয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

গ্রেপ্তারকৃত ডাকাতেরা হল- পালংখালীর ছৈয়দ করিমের ছেলে রফিক, সিকদার বিল গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে নুরুল আমিন ও থাইংখালী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক নাজির হোসাইনের ছেলে ফারুক হোসেন।

আরও পড়ুন: বিএনপি ঠেকাতে ইসি-পুলিশ একজোট: রিজভী

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৭/৮ জন মুখোশধারী ডাকাত দল ডিগলিয়া ব্রিজের উপর টমটম যাত্রী সিকদার বিলের মো. শাহ আলম, মো. শাহ জালাল, মো. আলম ও টমটম চালক সৈয়দ হামজাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি টমটমে করে ডাকাত দল উখিয়া আসার সময় টমটম যাত্রীরা একটি সিএনজি নিয়ে ডাকাতদের ধাওয়া করে উখিয়া স্টেশনে পৌঁছলে পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের হাতে নাতে ধরে ফেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির ঘটনায় একটি মামলা (মামলা নং- ২৪) দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ