ছয় ছিনতাইকারী গ্রেফতারের পর ৯০টি ল্যাপটপ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:৩১
 
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যমতে, ৯০টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
 
রবিবার ডিএমপি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-খলিল গাজী, মোঃ আবুল কালাম, মোঃ এমদাদুল হক, মোঃ হাসিবুর রহমান ওরফে শুভ্র, মোঃ মনির ব্যাপারী ও মোঃ মুশফিকুর রহমান।
 
ডিএমপি জানিয়েছে, মনিরের দেয়া তথ্য অনুযায়ী দারুসালামের একটি বাসা থেকে ৫৬টি ল্যাপটপ উদ্ধার ও হাসিবুরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হাসিবুর রহমান জানান, তিনি ল্যাপটপগুলো ক্রয় করে  অনলাইনে বিক্রয় করে থাকেন।
 
এছাড়া মনির ও অন্যান্যদের দেয়া তথ্য মতে, বসুন্ধরা সিটি শপিং মলের এবি ইলেকট্রনিক্স হতে ৩৪টি চোরাই ল্যাপটপসহ মোঃ মুশফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এএসএস