ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাসহ সব পর্যায়ের ব্যবসায়ীরা পূর্বের ভ্যাট আইনের চেয়ে নতুন আইনে অনেক বেশি সুবিধা পাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, নতুন ভ্যাট আইন আর্ন্তজাতিক মানসম্পন্ন, যুগোপযোগী ও সম্পূর্ণ অনলাইনভিত্তিক। নতুন আইন বাস্তবায়ন হলে ছোট-বড় কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, বরং ব্যবসায় স্বচ্ছতা আসার পাশাপাশি পূর্বের আইনের চেয়ে বেশি সুবিধা পাবেন।
রবিবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ক্ষুদ্র্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম।
নজিবুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা দেশের অগ্রগতিতে মূল ভূমিকা পালন করছেন। নতুন ভ্যাট আইন বিষয়ে তাদের সম্যক ধারণা থাকা একান্ত অপরিহার্য। এজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। এ লক্ষ্যে এফবিসিসিআইয়ের সাথে আমরা পার্টনারশিপ স্থাপন করেছি।
তিনি বলেন, নতুন আইন সম্পর্কে আমরা এফবিসিসিআই প্রতিনিধিদের টিওটি (প্রশিক্ষক প্রশিক্ষণ) প্রদান করে যাচ্ছি। পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ মাঠ পর্যায়ে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন।
ইত্তেফাক/এএম।
