অবৈধ প্রটোকলে চলাচলের অভিযোগে ২৯ ‘ভিআইপি’ গাড়ি মালিককে জরিমানা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২০:০৪
রাজধানীতে গভীর রাতে অবৈধ ভাবে ভিআইপি প্রটোকল নিয়ে চলাচলাকারী ২৯টি গাড়ি মালিককে বিভিন্ন অংকের অর্থদণ্ড করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা এলাকায় এ অভিযান চালায় বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত।
 
অভিযানের কথা স্বীকার করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক  (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার বলেন, প্রাধিকারবহির্ভূতভাবে ব্যক্তিগত যানবাহনে বিকন, সিগন্যাল লাইট ও হর্ন নিষিদ্ধ। শুধু মাত্র ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ভিভিআইপি প্রটেশনের যানবাহনেই এটা ব্যবহার করতে পারে। কিন্তু তা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল এ আইনের তোয়াক্কা করেন না। 
 
তিনি  বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আব্দুস সালাম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত  গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ হর্ন, এক্সটা লাইট এবং এক্সটা বাম্পার থাকার কারণে ১৭টি যানবাহনের মালিককে বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
 
গুলশান-২ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি যানবাহনের মালিককে নিষিদ্ধ হর্ন থাকার কারণে বিভিন্ন অংকের অর্থদণ্ড আদায় পূর্বক হুকারগুলো জব্দ করা হয়েছে।
এছাড়া গুলশান আজাদ মসজিদের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মাৎ জোহরা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ হর্ন থাকার কারণে ২টি গাড়ির মালিককে অর্থদণ্ড প্রদান করে। 
 
বিআরটিএ’র এ কর্মকর্তা আরো বলেন, এরা এতোটাই প্রভাশালী যে অভিযানের সময় তাকের হুকারে দায়িত্বরত পুলিশ সদস্যরা রিতিমত হিমশিম খাচ্ছিলেন।  তিনি বলেন, ব্যক্তিগত যানবাহনে অননুমোদিত বিকন, সিগন্যাল লাইট ব্যবহারের বিরুদ্ধে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/এমআই