ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেছেন, আগামী তিন বছরের মধ্যে পুঁজিবাজারের বাজার মূলধন জিডিপির ৫০ শতাংশ হবে বলে আশা করছি। বর্তমানে এ হার ২০ শতাংশ। গতকাল রবিবার ডিএসই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সারা দেশে সরকারের তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ডিবিএ’র সভাপতি আহমেদ রশিদ লালী, বিএমবিএ’র সভাপতি ছায়েদুর রহমান এবং এসোসিয়েশন অব এসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি ও অ্যালায়েন্স ক্যাপিটাল এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও আসাদুল ইসলামসহ আরও অনেকে।
বাজার মূলধন বাড়ার আশাবাদের যুক্তি তুলে ধরে মাজেদুর রহমান আরও বলেন, বিদেশি ও মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সহ দেশিয় বিভিন্ন ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসার প্রচেষ্টা চলছে। বাজারে নতুন নতুন প্রোডাক্টও আনার প্রচেষ্টা চলছে। এগুলো করা সম্ভব হলে বাজার মূলধন বাড়বে। তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেই সাথে পুঁজিবাজারকেও এগুতে হবে। সরকার ৮ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন করতে হলে পুঁজিবাজারের অবদান বাড়াতে হবে।
মেলা প্রসঙ্গে সাইফুর রহমান বলেন, মেলায় অংশগ্রহণ করে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করবো। তাছাড়া সঞ্চয়ের মাধ্যম হিসেবে পুঁজিবাজারকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তুলে ধরা হবে। তাছাড়া ঢাকা ও চট্টগ্রামের বাইরেও পুঁজিবাজারকে মানুষের কাছে পরিচিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোই এ মেলার লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
দেশের ২৮টি জেলায় অংশ নিচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। প্রান্তিক পর্যায়ে পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়ন জানানোই এ মেলার প্রধান লক্ষ্য। মেলায় বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই), ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, এসোসিয়েশন অব এসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে। তিনদিনব্যাপী মেলা আজ থেকে শুরু হয়ে, চলবে (১১ জানুয়রি) বুধবার পর্যন্ত। ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমীতে মেলা চলবে। ঢাকাসহ এই মেলায় অংশ নেওয়া জেলাগুলো হচ্ছে- বন্দর নগরী চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া।
ইত্তেফাক/এএন
