বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতে ১২ দালালের কারাদণ্ড

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫
রাজধানীর মিরপুর ও কেরানীগঞ্জে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত মঙ্গলবার ১২ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এছাড়া মোটরযান আইনের ৬২টি মামলায় আদায় করেছে ৫৪ হাজার ৬’শ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার। 
 
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মিরপুর-১৩ সেকশনস্থ বিআরটিএ ( ঢাকা সার্কেল-১) অভিযান চালায়। এসময় হাবিব, জসিম, বেলাল, দুলু, সাদ্দাম, মিলন নামে ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। এছাড়া একই আদালত ওই এলাকায় যানবাহন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে ২১টি মামলায় জরিমানা আদায় করেন ৯ হাজার ৬’শ টাকা। 
 
একই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমানের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত মোটরযান আইনে দায়ের করা ১৯ মামলায় জরিমানা আদায় করেন ২৫ হাজার টাকা। 
 
এছাড়া একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিদ হাওলাদারের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআ্রটিএ সার্কেল অফিস এলাকায় অভিযান চালায়। এসময় মামুন, সবুজ, আকিদুল, সাইফুল ইসলাম, এনায়েত ও ইলিয়াস সরদারসহ ৬ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। একই আদালত মোটরযান আইনে দায়ের করা ২২ মামলায় জরিমানা আদায় করেন ২০ হাজার টাকা।
 
ইত্তেফাক/এমআই