পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত মাদরাসা শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকালে ওই মাদরাসা শিক্ষক ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ফরিদ উদ্দিন উপজেলার বেতমোর আশরাফুল উলুম সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ছিলেন।
জানা গেছে, সোমবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই শিক্ষকের শ্যালক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষকের মৃত্যুর খবর মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলেই মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ
