চীনের রিজার্ভ কমেছে ৩২০ বিলিয়ন ডলার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১০:১১

 

২০১৬ সালে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের বছরের তুলনায় ৩২০ বিলিয়ন ডলার কমেছে। ডিসেম্বর শেষে দেশটির রিজার্ভ ৩ দশমিক শূন্য ১১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

পিপলস ব্যাংক অব চায়নার হিসাব অনুযায়ী, টানা ছয় মাস দেশটির রিজার্ভ কমছে। ডিসেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসের তুলনায় কমেছে ৪১ বিলিয়ন ডলার। অক্টোবর ও নভেম্বরে চীনের রিজার্ভ কমেছিল যথাক্রমে ৪৬ বিলিয়ন ডলার ও ৭০ বিলিয়ন ডলার। ইউয়ানের দামের টালমাটাল অবস্থা রিজার্ভ কমার অন্যতম কারণ। পাশাপাশি চীনের অর্থনীতির চলমান শ্লথগতিতে বিদেশি বিনিয়োগে উৎসাহ কমায়ও রিজার্ভে প্রভাব পড়েছে। বর্তমানে ইউয়ান ডলারের বিপরীতে আট বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে।