বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে বন্দর কর্তৃপক্ষর উদ্যোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২২:২৯
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজটি উত্তোলনে মালিকপক্ষ ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ তা উদ্ধারের উদ্যোগ গ্রহণ করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান জানান, 'ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজটি দ্রুত উত্তোলনের জন্য মালিক পক্ষকে বলা হয়েছে।'
 
এদিকে ডুবে যাওয়া কয়লাবোঝাই 'এমভি আইজগাতী' নামের কার্গো জাহাজটি দুই দিনেও উত্তোলন কাজ শুরু হয়নি। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আগামী ৩০ দিনের মধ্যে কার্গোটিকে উত্তোলনের জন্য সময় বেঁধে দিয়ে মালিক পক্ষকে চিঠি দেয়া হচ্ছে। নিদিষ্ট সময়ের মধ্যে মালিক পক্ষ কার্গোটিকে উদ্ধার করতে ব্যর্থ হলে জাহাজটি মংলা বন্দরের সম্পদ হিসাবে গণ্য করা হবে। এর পর বন্দর কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে কার্গোটিকে উদ্ধারের চেষ্টা চালাবে বলে চেয়ারম্যান জানান।
 
এদিকে এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার সোহেল রানা জানান, প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে কয়লাবোঝাই জাহাজটি সাগরে ডুবে যায়। কার্গোটি উত্তোলনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
 
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৯টার দিকে মোংলা বন্দর থেকে ১২০ নটিক্যাল মাইল দুরে বঙ্গোপসাগরের ১০নং ফেয়ারওয়ে বয়ার কাছে ১০০০ টন কয়লা নিয়ে ওই জাহাজটি ডুবে যায়। এসময় ওই কার্গোতে থাকা নাবিকসহ ১৪ জন স্টাফকে বসুন্ধরা লজিস্টিক-৩০ নামে অপর একটি জাহাজের স্টাফরা উদ্ধার করে। কয়লা নিয়ে ওই কার্গো জাহাজটি মংলা বন্দর হয়ে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল। -বাসস।
 
ইত্তেফাক/এসএস