নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা আজ শুরু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৫:২৩

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা আজ রবিবার থেকে শুরু।

 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নড়াইলের জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এ মেলায় গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সেমিনার, সুলতান স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
 
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী এ মেলায় নড়াইলের ৩৪টি সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এ ছাড়া, প্রতিদিনই থাকছে বরেণ্য এ শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার, ডা. নীহার রঞ্জন গুপ্ত, কবিয়াল বিজয় সরকার ও জারি সম্রাট মোসলেম উদ্দিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ও সুরকার কমল দাসগুপ্তের জীবন ও কর্মের ওপর সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাত দিনের এ মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ বছর সুলতান পদক পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী আবুল হাশেম খান।
 
আজ থেকে শুরু হলেও ১৬ জানুয়ারি পর্যন্ত সাত দিনের এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং ২১ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সুলতান পদক বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
 
এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান—সুলতান মেলা উদ্যাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে সুলতান মেলা উদযাপিত হয়ে আসছে। ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এ উত্সব পালিত হয়ে আসলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পেছানো হয়।

ইত্তেফাক/এএন