যশোরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে আপন দুই ভাইসহ তিন শ্রমিক নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন।
রবিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৩৫) ও তার আপন বড়ভাই জাকির (৩৮) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)। আহতরা হলেন একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাত পুরুষ (৪৫)। হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।
হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে দশজন শ্রমিক চৌগাছা এলাকা থেকে সিএনজি চড়ে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সিএনজিটিকে ধাক্কা দেয়। এসময় এটি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ শ্রমিকই আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর লাভলু ও তার ভাই জাকির মারা যান। আহত মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়। বাকিরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, সানতলা এলাকায় বাসের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/এসএস
