বোমা আতঙ্কের কারণে কাতারে জরুরি অবতরণ করা লুফথানসা গ্রুপের সাশ্রয়ী এয়ারলাইন ইউরোউয়িংসের একটি যাত্রীবাহী বিমানকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৯৭ যাত্রী নিয়ে বিমানটি ওমান থেকে জার্মানিতে যাওয়ার পথে কাতারে জরুরি অবতরণ করে।
লুফথহানসার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ওমানের সালালাহ থেকে জার্মানির কোলনে যাত্রা করা বিমানটিতে বোমা আছে কী না সেটা তদন্তের জন্য কাতারে জরুরি ভিত্তিতে অবতরণ করে। বিমানটিতে ২৮৭ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু ছিল। তবে বিমানে কোনো বিস্ফোরক থাকার প্রমাণ পাওয়া যায়নি।
কাতারের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের বরাতেও বিমানে কোনো বিস্ফোরক ছিল না বলে উল্লেখ করা হয়। লুফথহানসার মুখপাত্র জানিয়েছে, কাতারে জরুরি অবতরণ করা এ৩৩০ জেটটিতে করেই যাত্রীরা জার্মানিতে যাবেন। রয়টার্স।
ইত্তেফাক/এসএসএ
